পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এ নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST