রংপুরের গঙ্গাচড়ায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়া হলো না বাবা ও ছেলের। পথেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের প্রাণ গেল। এ ঘটনায় আহত হয়েছে ৭ বছরের শিশু।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় মমো জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গাচড়া বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে শিশুসহ ২ জন বড়াইবাড়ির দিকে যাচ্ছিল; আর একটি ট্রাক বড়াইবাড়ির দিক হতে গঙ্গাচড়ার দিকে যাচ্ছিল। মমো জুট মিলের সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন আরোহী শিশু ও এক বৃদ্ধ। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় বৃদ্ধ মারা যান। শিশুটি মুমূর্ষু অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল চালক প্রশান্ত চন্দ্র সরকার (৩৫) ও তার বাবা নির্মল চন্দ্র সরকার (৭০)। আহত শিশু প্রশান্তের ছেলে বন্ধন (৭)। তাদের বাড়ি গঙ্গাচড়া ইউনিয়নে চেংমারী কুড়িয়ার মোড় এলাকায়। বাবা ও ছেলে পেশায় পল্লি চিকিৎসক ছিলেন।
এদিকে ঘটনার পরেই চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে এবং প্রশান্তের লাশ ও তার বাবা নির্মলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত প্রশান্তের ভায়রাভাই পুঞ্জ জানান, প্রশান্ত তার বাবা ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে আলমবিদিতর ইউনিয়নে আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST