ভারতের মাদ্রাজ হাইকোর্টের দেওয়া গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর বিজয় থালাপতি সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই নির্দেশ বর্তমান আইনি কাঠামোর পরিপন্থী এবং নির্ধারিত আইনের পরিধিকে অতিক্রম করেছে।
মূলত, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন ১৯৫৮-এর ৪ নম্বর ধারা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে রাজ্যে পশু জবাইয়ের অনুমতি রয়েছে। এই আইনানুযায়ী, কোনো গরুর বয়স ১০ বছরের বেশি হলে এবং সেটি যদি প্রজনন বা কাজের অনুপযোগী বলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়িত হয়, তবেই তা জবাই করা সম্ভব। কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক রায় এই আইনি সুযোগকে উপেক্ষা করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে রাজ্য সরকার শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে।
এই আইনি বিরোধের সূত্রপাত ঘটে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চের আদেশকে কেন্দ্র করে। আদালত তার পর্যবেক্ষণে জানায়, কেবল নির্ধারিত কসাইখানায় পশু জবাই করা যাবে। একই সাথে রাজ্যের মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় যেন বকরি ঈদ বা অন্য কোনো দিন গরু বা বাছুর জবাই না করা হয়।
‘লাইভ ল’-এর একটি প্রতিবেদন অনুসারে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছে যে হাইকোর্টের এই নির্দেশনার ফলে রায়টির ভেতরেই একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা প্রচলিত আইনের সীমানাকে ছাড়িয়ে গেছে।
হিন্দু মাক্কাল কাচির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দিয়েছিল। পিটিশনে অভিযোগ করা হয়েছিল যে জনসমক্ষে অবৈধভাবে গরু জবাই বন্ধ করতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST