রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম জুবায়েদ হোসাইন, তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (১৯ অক্টোবর) রাতে তার টিউশনির বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। বাসাটি ছিল তার টিউশনের জায়গা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”
নিহত জুবায়েদ হোসাইনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “মৃত্যুর খবর আমরা পেয়েছি, তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।”
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST