আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর জন্য নিরাপত্তাকর্মীদের সতর্ক করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু আসামির গতিবিধি, তৎপরতা সন্দেহজনক লেগেছে। তাদের কাছে কিছু গোপন তথ্য আছে যে তারা (কিছু আসামি) যেকোনো স্যাবোটাজ বা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারেন।
রোববার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, এখানে যারা নিরাপত্তার কাজ করেন, ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানোর জন্য তারা তাদের সতর্ক করেছেন। কিছু কিছু আসামির গতিবিধি, তৎপরতা তাদের কাছে সন্দেহজনক লেগেছে। কিছু কিছু গোপন তথ্য তাদের (প্রসিকিউশন) কাছে আছে যে তারা (কিছু আসামি) যেকোনো স্যাবোটেজ বা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারেন।
এসব বিষয় বিচার-বিশ্লেষণ করে কাজ করছেন বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন হতে যাচ্ছে। এটি অত্যন্ত যুগোপযোগী আইন। এই আইনের মাধ্যমে সারা দেশে গুমের বিচার হয়তো অন্য মাত্রার একটা গতি পাবে। যারা গুমের সঙ্গে জড়িত, তারা অত্যন্ত শক্তিশালী। সেটা মাথায় রেখেই তারা (প্রসিকিউশন) নিজেরা সতর্ক আছেন। গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। সরকারের কাছে তারা এই বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST