
সৌদি আরবের আল খারিজ শহরে কথিত মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত প্রবাসীর নাম মোশারফ হোসেন (৩৫)। তিনি উপজেলার কীর্ত্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে। স্থানীয় সূত্র ও সৌদি প্রবাসীদের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি আল খারিজ শহরে সংঘটিত এক মিসাইল হামলায় গুরুতর আহত হন মোশারফ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য নিয়মিত দেশে রেমিটেন্স পাঠাতেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
Developed by BDITHOST