জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, প্রেক্ষাপট ও আদর্শ নতুন শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক-মানবিক সংগঠন উন্নত মম শির।
সংগঠনটির প্রকাশিত বিশেষ স্মারক ‘মম শির ২৪-এর অভ্যুত্থান’ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সদস্যরা নবীনদের হাতে ম্যাগাজিনটি তুলে দেন।
সংগঠনের উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিনটিতে জুলাই গণঅভ্যুত্থানে যবিপ্রবির শিক্ষার্থীদের সম্পৃক্ততা, আন্দোলনের পটভূমি, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং আত্মত্যাগের নানা দিক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা এবং ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করার বার্তা স্থান পেয়েছে।
সংগঠনের একজন সদস্য বলেন, “নবীনদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই তারা শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে দায়িত্বশীল, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক।”
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ কেবল একটি স্মারক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ইতিহাসচর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সম্পৃক্ত করাই এর প্রধান উদ্দেশ্য।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST