কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকা থেকে ৬০ বছর বয়সী চা বিক্রেতা সামিরুল শাহের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে একটি মাঠের বাঁশের মাচায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এই এলাকায় বসবাস করছে।
নিহতের বড় ছেলে সাঈদ জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা মুন্টু নামে এক ব্যক্তির ফোনে দেখা করতে যান। এরপর থেকে তার বাবার মোবাইল বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, ধর্মদহ গ্রামে রাস্তার পাশে সামিরুলের মরদেহ পড়ে রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST