আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক জিলবার্ট হোংবো বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থাটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জেনেভায় অনুষ্ঠিত ৩৫৬তম আইএলও গভর্নিং বডির সভায় অংশগ্রহণের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে এ ধরনের গণতান্ত্রিক অগ্রযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
শ্রমমন্ত্রী বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা মহাপরিচালকের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ ও নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে আইএলওর সহযোগিতা, বিশেষ করে আইএলওর ঢাকা অফিসের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। জবাবে মহাপরিচালক এ বিষয়ে একমত পোষণ করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল-২৬ সংক্রান্ত মামলার বিষয়টিও তুলে ধরেন শ্রমমন্ত্রী। এ বিষয়ে মহাপরিচালক জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে বলেন, বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে সক্রিয় যোগাযোগ ও নেতৃত্বের কারণে বাংলাদেশ উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছে। তিনি বলেন, দেশের শ্রমখাতে উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা গুরুত্বপূর্ণ।
শ্রমমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্র্যান্ড, বহুজাতিক কোম্পানি ও বিপণন প্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারণ প্রয়োজন। তিনি সামাজিক সুরক্ষা কার্যক্রম-যেমন স্বল্পমূল্যে চিকিৎসা ও দুর্ঘটনা বিমা—প্রসারে এসব প্রতিষ্ঠানের ভূমিকা বাড়াতে আইএলওর সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে ঘোষিত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST