রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভোটার এলাকা অদলবদলের মধ্য দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এই দুই তরুণ নেতা।
ইতোপূর্বে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নির্বাচন করবেন বলে প্রচার-প্রচারণা চালিয়েছিলেন। দল থেকেও তাকে দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছিল। তবে এখন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে নির্বাচন করবেন বলে এনসিপি সূত্রে জানা গেছে।
অন্যদিকে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে নির্বাচন করবেন। এ লক্ষ্যে সোমবার তারা দুজনই ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
এনসিপির শীর্ষ কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, নির্বাচনী আইন ও কৌশলের অংশ হিসেবে দুই নেতার ভোটার এলাকা অদলবদল করা হয়েছে। বুড়িগঙ্গা থেকে তুরাগ—পুরো ঢাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যেই তরুণ নেতৃত্বের এ কৌশল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আগামী দু-একদিনের মধ্যে শীর্ষ এ দুই নেতার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দলীয় নেতারা বলছেন, আসিফ মাহমুদ উত্তর সিটির হাল ধরবেন, আর পাটওয়ারী দক্ষিণ সিটির। তরুণ নেতৃত্বের এ দ্বিমুখী লড়াই ঢাকা সিটির নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, ‘আমাদের শীর্ষ এ দুই নেতা ইতোমধ্যে ভোটার এলাকা অদলবদল করেছেন। নির্বাচনী আইন ও কৌশলের অংশ হিসেবে এটি করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে দল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তারা দুজন ঢাকার নির্ধারিত দুই সিটি করপোরেশন থেকে নির্বাচন করবেন।’
এদিকে সোমবার সন্ধ্যায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুগান্তরকে বলেন, ‘আমি ভোটার এলাকা পরিবর্তন করেছি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে কাজ করব। কয়েক দিনের মধ্যেই সার্বিক বিষয়ে আমাদের দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমি মানুষের জন্য কাজ করছি, সাধারণ মানুষের হয়েই লড়ছি।’
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST