ফ্যামিলি কার্ড শুধু বিএনপির জন্য নয়, দেশের প্রতিটি পরিবারের নারী সদস্য এই কার্ড পাবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে আপদকালীন সময়ে পরিবার রাষ্ট্রের সহায়তা পাবে। কোনো নারী স্বামী পরিত্যক্তা বা বিধবা হলে নিজের পায়ে দাঁড়াতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কিংবা স্বাস্থ্য কার্ড পাওয়ার জন্য কাউকে খুঁজতে হবে না, মামা-খালুর প্রয়োজন হবে না। প্রকৃত কৃষকরাই কৃষি কার্ড পাবেন। স্বাস্থ্য কার্ড দেখিয়ে দেশের যেকোনো হাসপাতালে চিকিৎসা নেওয়া যাবে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রচলিত মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও চিকিৎসা ভাতা অব্যাহত রাখার পাশাপাশি নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উঠান বৈঠকে তিনি বলেন, বেগম জিয়ার প্রতি ভালোবাসা থাকলে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
দাশুড়িয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম ঝন্টুর সভাপতিত্বে উঠান বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সর্বপ্রথম তুহিন, দাশুড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, পাবনা জেলা কৃষক দল নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল বকুল, মতিয়ার রহমান নিরব বিশ্বাস, শ্রমিক নেতা সোহেল রানা, তাঁতি দল নেতা রাজিবুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, যুবদল নেতা ইমদাদ, ছাত্রনেতা রবিউল ইসলাম প্রিন্স ও জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST