ক্যানভাসের তুলিতে ও রঙের আঁচড়ে জুলাইয়ের স্মৃতি ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসকে ফুটিয়ে তুলতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উদযাপিত হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। আগামী ৫ আগস্ট দিবসটি স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্দীপনামূলক কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ৩য় তলায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের শিশু-কিশোরদের মুক্ত কল্পনা ও ক্যানভাসে বিপ্লবের চিত্র তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতার মূল বিষয়বস্তু বা থিম নির্ধারণ করা হয়েছে—‘বাংলাদেশ ও জুলাই গণঅভ্যুত্থান’। এতে অংশগ্রহণকারী প্রতিযোগী শিশুদের জন্য বিশ্ববিদ্যালয় থেকেই মূল আর্ট পেপার সরবরাহ করা হবে। বিজয়ী শিশুদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। যবিপ্রবি স্কুলের বাইরে থাকা পরিবারের শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য অনলাইনে গুগল ফরমের মাধ্যমে আগামী ৩ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে দিবসটির তাৎপর্য ও আনন্দের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য হলে বিশেষ খাবারের (Special Meal) উদ্যোগ নিয়েছে প্রশাসন। ১ আগস্ট অনুষ্ঠিত প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট দুপুর ১টায় শহীদ মসিয়ূর রহমান হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হবে।
আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা নির্ধারিত ৭০ টাকা ফি দিয়ে আগামী ২ ও ৩ আগস্টের মধ্যে হল আইডি কার্ড প্রদর্শনপূর্বক অফিস চলাকালীন সময়ে টোকেন সংগ্রহ করতে পারবেন।
রঙে-ক্যানভাসে বিপ্লবের স্মৃতিচারণ আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী ৫ আগস্ট যবিপ্রবি প্রাঙ্গণে এক ভিন্ন আবেগ ও স্বতঃস্ফূর্ত আমেজ ফুটে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST