রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে সম্মিলিত সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জি-২৪ নিউজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুল ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “সম্মিলিত সাংবাদিক পরিষদ প্রতিষ্ঠার শুরু থেকেই সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত কল্যাণে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য শুধু সাংবাদিকদের সংগঠিত করা নয়; দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এ কারণে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে।
কামরুল ইসলাম বলেন, “সাংবাদিকের শক্তি তার কলম, আর সেই কলমের শক্তি সত্য ও ন্যায়ের পক্ষে। কোনো চাপ, ভয় বা প্রলোভন যেন সাংবাদিকতার মূল আদর্শকে দুর্বল করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি বলেন, ভবিষ্যতে সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা আরও জোরদার করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান নেতৃত্ব এবং সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে তিনি বলেন, “জয় হোক সত্যের, জয় হোক সাংবাদিকতার, জয় হোক সম্মিলিত সাংবাদিক পরিষদের।”
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST