রাষ্ট্রয়াত্ব চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নওগাঁ–৩ আসনের এমপি ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। এসময় বিটিভির ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন তিনি।মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাক, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২–২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩–২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪–২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST