রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরএমপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত বিশেষ মাদক দমন টিম গত ২১ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তবে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) অভিযানের সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফাহিম ও বিনা বেগম দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরএমপি জানিয়েছে, ডিবি ও থানা পুলিশের পাশাপাশি পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে গঠিত বিশেষ মাদক দমন টিমের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST