নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (৩০ আগস্ট) এসব আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।
তবে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন প্রশাসনিক কাঠামোকে আসনগুলোর সীমানায় যুক্ত করার কারণে কাগজে-কলমে সংশোধন হলেও ভোটের মাঠে এর বাস্তব কোনো পরিবর্তন হবে না।
সংশোধিত ১১টি আসন হলো, ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
ইসির গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে এখন রুহিয়া ও ভুল্লী উপজেলাও অন্তর্ভুক্ত হয়েছে। সদর উপজেলা বিভক্ত করে এই দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটির অনুমোদন দেওয়া হয়।
বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার সভায় মোকামতলা উপজেলা অনুমোদন পায়।
পিরোজপুর-১ আসনের সীমানায় রয়েছে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা।
ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে নিকার সভায় দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে ইউনিয়নটি অনুমোদন পায়।
কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নতুন গঠিত বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে নিকার সভায় বাঙ্গরা উপজেলা অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, কক্সবাজার-১ আসনের সীমানায় নতুন গঠিত মাতারমুহুরি উপজেলাকে যুক্ত করা হয়েছে।
ইসির এই সংশোধনের ফলে প্রশাসনিকভাবে নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলো সংশ্লিষ্ট সংসদীয় আসনের সীমানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST